চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস. এন. নজরুল ইসলাম।
তিনি বলেন, রায় ঘোষণাকে সামনে রেখে পুরো রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার নজরুল।
তিনি বলেন, “রাজধানীতে বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন।” তিনি আরও জানান, রায় উপলক্ষে রবিবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।