শিক্ষকদের দাবি-দাওয়া ও বেতন কাঠামো নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সরকার ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। আশা করছি, নতুন বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে আগামী বছর আরও উন্নত একটি বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষা সচিব রেহানা পারভীন জানান, শিক্ষকদের দাবি বিবেচনা করে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, “অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও আমরা কাজ থামিয়ে রাখিনি। রাতদিন বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।”
রেহানা পারভীন আরও বলেন, “আমরা শিক্ষকদের আলোচনায় আহ্বান জানিয়েছি। আলোচনায় বসলে ইতিবাচক সমাধান পাওয়া সম্ভব। ইতিমধ্যে বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে শতাংশের ভিত্তিতে কিছু অগ্রগতি হয়েছে, যা ধীরে ধীরে একটি নতুন জাতীয় বেতন স্কেল প্রবর্তনের পথে নিয়ে যাবে। ইনশাল্লাহ এর সুফল শিগগিরই দেখা যাবে।”
তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, তবে ফলাফল দেখতে কিছুটা সময় লাগবে।”