রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। এছাড়াও সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ৫/৬টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট হয়। রোববার (২৬ আগস্ট) বিকালে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
তাৎক্ষণিক সংর্ঘষের খবর পেয়ে পুলিশ, র্যাব ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ উত্তরপাড়া গ্রামের তারা মিয়ার বংশের ফুল মিয়ার ছোট ভাই শাহীনের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়। সাউন্ড সিস্টেমের উচ্চ শব্দ নিয়ে গতকাল শনিবার একই বংশের হুমায়ুন-খোকন মিয়াদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া আজ সকালে ওই এলাকায় গিয়ে ঝগড়া না করার জন্য উভয় পক্ষের লোকজনকে অনুরোধ জানিয়ে আসেন।
আজকের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিবদমান বিষয়ে সালিশ-দরবারের কথাও জানিয়ে আসেন। কিন্তু আজ দুপুরে ফুল মিয়ার বাড়ির লোকজন বিয়ের বরযাত্রী হয়ে বাড়ি থেকে চলে যাবার পর খোকন ও হুমায়ুন মিয়ার লোকজন বিকাল ৩টার দিকে অতর্কিত হামলা চালায় ফুল মিয়ার লোকজনের উপর। এ খবর পেয়ে ফুল মিয়ার লোকজন বাড়িতে এসে বিকাল ৪টার দিকে দেশীয় অস্ত্রে নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আত্মীয়তার সূত্র ধরে স্থানীয় মুন্সিবাড়ির জারু মিয়ার লোকজন খোকনদের পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দিলে এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
ভৈরব থানা তদন্ত কর্মকর্তা মো.বাহালুল খান বাহার জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুপক্ষের লোকজনদের শান্ত থাকার নির্দেশ থাকার অাহব্বান জানান তিনি।
সংর্ঘষের খবর পেয়ে বিকালে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন ঘটনাস্থলে যান। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে ১০ সদস্যের একটি কমিটিকে বিবদমান উভয়পক্ষকে নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় থানায় শালিস-দরবারে বসার নির্দেশ দেন।