মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামী দুই মাসের মধ্যে সকল বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দিয়েছে।
কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জীবিত এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক সদস্য ও ওয়ারিশদের তথ্য যথাযথভাবে এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে হবে। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার প্রোফাইলে “ওয়ারিশ তথ্য” আইকনের মাধ্যমে এন্ট্রি করতে হবে।
জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ এবং জাতীয় পরিচয়পত্র যাচাইপূর্বক তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। মৃত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদ ও মৃত্যু তারিখসহ তথ্য অন্তর্ভুক্ত করতে হবে; এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক নয়। একাধিক ওয়ারিশের তথ্য একই প্রোফাইলে সংরক্ষণ করা যাবে। ভাতাপ্রাপ্ত কোনো ওয়ারিশ মৃত্যুবরণ করলে তার তথ্য মৃত ওয়ারিশদের তালিকায় স্থানান্তর করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব হিসেবে সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক তথ্য এন্ট্রি করবেন এবং জেলা/উপজেলা প্রশাসক সভাপতি হিসেবে তথ্য অনুমোদন করবেন।
মন্ত্রণালয় সকল সংশ্লিষ্টকে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য অন্তর্ভুক্তি সম্পন্ন করে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে।