এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ডেঙ্গু হইছে এটাও নাকি গুজব। জজের সামনে কোর্টে আসামীকে হত্যা করা হলো এটাও নাকি গুজব। অতএব নমুনা কিন্তু ভালো না। দেশের মানুষের মধ্যে অস্বস্তি এবং ক্ষোভ এগুলো তার বহিপ্রকাশ। গণতন্ত্রকে যেখানে ধামাচাপা দেয়া হয়, দাবিয়ে রাখা হয় সেখানেই ক্ষোভ প্রকাশ পায়। এগুলো তার ফসল। অতএব বেশিদিন কিন্তু এসরকার টিকতে পারবে না।
রবিবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত নির্বাচনে আমাদের নেত্রীকে জেলে রাখা হয়েছে আগেই। যাতে করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা গায়ের জোরে ভোট লুটকরে নিয়ে যেতে পারে। আমরা আবার বেগম খালেদা জিয়াকে জেলে রেখেই নির্বাচনে গিয়েছিলাম। চ্যালেঞ্জ হিসেবে। নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি। যখন আওয়ামীলীগ দেখলো দেশের শতকরা ৮০ ভাগ মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য প্রস্তুত তখনই কিন্তু তারা আগের রাতে ভোট ডাকাতি করেছে।
এসময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান রানা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নুর কায়েস সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন ।