রাইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধিঃ খুলনা অঞ্চলের ২৪৮টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪৪ হাজার ৪৪৯ জন শিক্ষার্থীকে আজ সোমবার ১ জুলাই থেকে সপ্তাহে তিন দিন দুপুরে রান্না করা খাবার সরবারহ করা হবে। দুপুরের ক্ষুধা নিবারণ, পুষ্টির অভাব পূরণ, স্বাস্থ্যবান জাতি গঠন, শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি ও ঝরে পড়া বন্ধ করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। কর্মসূচিভুক্ত উপজেলাগুলো হচ্ছে- খুলনার বটিয়াঘাটা ও যশোরে ঝিকরগাছা। এর আগে শিক্ষার্থীদের মধ্যে প্রতিদিন বিস্কুট দেওয়া হত।
সংশ্লিষ্ট সূত্র জানান, প্রতিজন শিক্ষার্থীর জন্য ৯০ গ্রাম চাল, ২৫ গ্রাম ডাল আর ৭০ গ্রাম সবজি মিলিয়ে খিচুড়ি রান্না করে সরবারহ করা হবে। যার মাথাপিছু বরাদ্দ ১৬ টাকা। শিশুদের পুষ্টি নিশ্চিত, শতভাগ উপস্থিত এবং ঝরে পড়া ঠেকাতে মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচিতে সপ্তাহে তিন দিন বিস্কুট ও তিন দিন রান্না করা খিচুড়ি সরবরাহ করা হবে।
প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির ফলে দুপুরের ক্ষুধা নিবারণ হবে, পুষ্টির ঘাটতি পূরণ হবে। স্বাস্থ্যবান জাতি গড়ে উঠবে। পাশাপাশি ভর্তির হার বাড়বে, ঝরে পড়া হ্রাস পাবে। উপস্থিতির হার শতভাগ নিশ্চিত হবে।
বটিয়াঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানের দেওয়া তথ্য মতে, দুপুরের খিচুড়ির জন্য উপকরণ মিনারেল, খনিজ মেশানো চাল, সয়াবিন, ডাল ও পাতাযুক্ত সবজি থাকবে। শিক্ষার্থীরা দুপুরে সুষম খাবার পাবে। মেধা সম্পন্ন জাতি গঠনে পুষ্টির অভাব দূর হবে। এর আগে দুপুরে বিস্কুট সরবরাহ করা হত।