ময়মনসিংহ প্রতিনিধি, জার্মান-বাংলা টুয়েন্টিফোর ডটকম: গ্যারেজ থেকে হারিয়ে যায় আবদুস সামাদ-এর অটোরিকশা। অনেক খোঁজাখুঁজির পরও নিজের অটোরিকশার কূলকিনারা না পেয়ে ইন্টারনেট থেকে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন চালক আবদুস সামাদ। পরে সাহায্য চেয়ে গত সোমবার এসএমএস পাঠান। এসএমএসে সামাদ লেখেন ‘মা, আপনি সারা দেশের মা। আমাকে একটু সাহায্য করুন।’
এসএমএসটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হতেই কপাল খুলে যায় সামাদের। তাকে একটি নতুন অটোরিকশা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা সামাদ।
এসএমএসটি যে প্রধানমন্ত্রীর নজরে আসবে তা ভাবতেই পারেননি সামাদ। গত বুধবার তার বাড়িতে পুলিশ হাজির হয়ে জানতে চায় তিনি কোনো এসএমএস পাঠিয়েছেন কি-না। প্রথমে ভয় পেয়ে যান সামাদ। পরে তিনি বুঝতে পারেন তাকে সাহায্য করার জন্য পুলিশ এসেছে।
বৃহস্পতিবার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার অফিসে ডেকে নিয়ে সামাদের হাতে একটি অটোরিকশা তুলে দেন।
উল্লেখ্য, সামাদের অটোরিকশাটি গত ২৮ মে গ্যারেজ থেকে হারিয়ে যায়। সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশাটি হারানোর পর পথে বসার উপক্রম হয় তার। উপায়ান্তর না দেখে ইন্টারনেট থেকে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন তিনি। পরে ওই নম্বরে এসএমএস পাঠান তিনি।