আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দুইটি প্রথম শ্রেণির পৌরসভা সহ ৯টি উপজেলায় আগামী শনিবার ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৫ লাখ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেনগুপ্তের সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের নোয়াখালী জেলার কর্মপরিকল্পনা ও পরিসংখ্যান জানানো হয়েছে।
নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, কোম্পানীগঞ্জ, হাতিয়া, কবিরহাট, সোনাইমুড়ি, সূবর্ণচর সহ ৯টি উপজেলা ও নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
পুরো জেলার এ ক্যাম্পেইনে মোট ৯১টি ইউনিয়নের দুই হাজার ৩৮১টি কেন্দ্রে মাধ্যমে ৬-১১ মাস বয়সের (নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল) ৫৫,১৩৭ জন শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একইভাবে ১২-৫৯ মাস বয়সের (লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল) ৪,৬৭,৭৭৯ জন শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।