জার্মানবাংলা২৪, কুমিল্লা প্রতিনিধি: ঈদের যাত্রা শুরু না হতেই তীব্র যানজটের কবলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকে বিরক্তকর দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। পশু নিয়ে বিভিন্ন হাট-বাজারে যাওয়া বিক্রেতারা পড়েছে মহা বিপাকে।
বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দুই পাশের ৪০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল থেকে শুরু হয় যানজট। এ কারণে সড়কজুড়ে দাড়িয়ে আছে যানবাহনের দীর্ঘ সারি।
সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে আছে শত মত যানবাহন। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ঈদের বাজারে আনা-নেওয়া পশুর যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ফলে পশুর বিভিন্ন শাররিক সমস্যা, খাদ্য নিয়ে চিন্তায় পড়েছে ব্যবসায়ীরা।
ঢাকাগামী যাত্রী ব্যবসায়ী আনোয়ার হোসেন মাসুদ জানান, কুমিল্লা থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছি ভোরে। গাড়িতে সাড়ে চারঘন্টা বসে আছি। এখনো দাউদকান্দি পৌছতে পারিনি।
কুমিল্লা নগরীর কান্দিরপাড় হাজী মান্নান স্টোরের ব্যবসায়ী মো. আবদুল আউয়াল জানান, ঈদ উৎসব আসলে আমাদের বিকিকিনির পরিমাণটা একটু বাড়ে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গত কয়েকদিনের দীর্ঘ যানজটের কারণে ঢাকা যেতে পারছি না। ঈদ উৎসবের জন্য নতুন পোশাক না আনতে ব্যবসা করবো কি ভাবে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি নজরুল ইসলাম জানান, মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা সেতুর কাছে গার্মেন্ট শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। এছাড়াও ঈদকে সামনে রেখে পণবাহী যানবাহন ও বেড়ে গেছে। যার প্রভাবে পড়ছে সড়কে।
এদিকে যানজটে আটকে পড়ে শতশত যানবাহনের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।