ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকে ব্রিটেন থেকে ঢাকায় ফিরছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা। গত ৭ ফেব্রুয়ারি হাই কমিশনে বিএনপি নেতাকর্মীদের হামলার পর তালহাকে ৭ মে’র মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়।
লন্ডন হাই কমিশনের একজন কূটনীতিক বুধবার জানান, মিশন থেকে তালহাকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং তিনি ঢাকার পথে আছেন।
৭ ফেব্রুয়ারির হামলাকে ‘বাংলাদেশের ওপর হামলার’ শামিল হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনা তদন্তে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। প্রাথমিক তদন্তে হামলার সময় ভারপ্রাপ্ত হাই কমিশনারের ‘উদাসীনতার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। রায়ে খালেদা জিয়ার ছেলে লন্ডন প্রবাসী তারেক রহমানেরও ১০ বছরের কারাদণ্ড হয়।
হাই কমিশনে ওই হামলার পেছনে তারেক রহমানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন আওয়ামী লীগ নেতারা।