আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে হবে। নির্বাচন-সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।”
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়োগের আওতায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ও কোস্টগার্ডের নতুন জনবল অন্তর্ভুক্ত থাকবে। তাদের নিয়োগ প্রক্রিয়া ও প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শফিকুল আলম বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যকে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এছাড়া নির্বাচনের সময় ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখা যায় কি না, সেই বিষয়েও আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দফতরকে প্রয়োজনীয় সংস্কারমূলক কর্মকাণ্ড দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।