বাংলাদেশে জীবিত ব্যক্তিকে জুলাই আন্দোলনের (জুলাই শহীদ) দেখিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
কথিত ওই ‘নিহত’ ব্যক্তির নাম সোলায়মান সেলিম। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়।
সোলায়মান সেলিম নামের দাবি করছেন, গত জুলাই মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে তাকে মৃত দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ যখন হত্যা মামলাটি তদন্তের জন্য তার ঠিকানায় যায়, তিনি বিষয়টি তখন জানতে পারেন। অর্থাৎ, জীবিত থাকা সত্ত্বেও তাকে আন্দোলনে শহীদ গণ্য করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকার সোলায়মান সেলিমকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির বাদী সেলিমের আপন বড় ভাই।
মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমানসহ ৪১ জনের নাম-পরিচয় এবং অজ্ঞাত আরো দেড় শ’ থেকে দু শ’জনকে আসামি করা হয়েছে এ মামলায়। জ্ঞাত-অজ্ঞাত আসামিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।
প্রতিবেদনে আরো বলা হয়েছে— জীবনের নিরাপত্তার শঙ্কা থেকে স্থানীয় থানায় সম্প্রতি একটি সাধারণ ডায়েরি করেছেন সেলিম। হত্যা মামলার বাদীর পাশাপাশি যে দুজন সাক্ষী তারাও তার আপন ভাই বলে ডায়রিতে উল্লেখ করেন তিনি।
তিন ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে বলেও থানায় করা সাধারণ ডায়েরিতে জানান সোলায়মান সেলিম।
সোলায়মান সেলিম বলেন, বিষয়টি নিয়ে তিনি আতঙ্কের মধ্যে আছেন। তার সন্দেহ পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার ভাই সাজানো হত্যা মামলা দিয়ে থাকতে পারে।
সেলিম বলেন, জীবিত থাকতে যদি কেউ মৃত দেখায়, তার চেয়ে দুঃখ আর কী হতে পারে? আমার ভাইয়েরাই দেখাইছে আমি নাকি মারা গেছি।
তিনি আরো বলেন, আমারে মারার জন্যই এই মামলা করছে, জুলাই আন্দোলনকে উছিলা করে। এর মধ্যে আমারে মারতে পারলে এই মামলায় যারা আসামি তারা বিনা কারণে জেল খাটতো।