জার্মানবাংলা ডেস্কঃ জার্মানির সেনাবাহিনীতে ইরান গুপ্তচরবৃত্তির চেষ্টা করেছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার এক সুদূরপ্রসারি লক্ষ্য নিয়ে এ ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সম্প্রতি জার্মান গণমাধ্যম খবর দেয়, দেশটির স্পর্শকাতর সামরিক তথ্য ইরানের কাছে হস্তান্তরের অভিযোগে সম্প্রতি ৫০ বছর বয়সি আফগান বংশোদ্ভূত একজন জার্মান সৈন্যকে আটক করা হয়েছে।
জার্মানির ফেডারেল প্রসিকিউটরের দপ্তর মঙ্গলবার বলেছে, আব্দুল হামিদ এস. নামের ওই সৈন্যকে জিজ্ঞাসাবাদের রিমান্ডে নেয়া হয়েছে।জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই খবরের সত্যতা নিশ্চিত না করে বলেছে, সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ সম্পর্কে ওই মন্ত্রণালয় অবগত আছে।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন,জার্মানিতে যাকে আটকের কথা বলা হচ্ছে তার সঙ্গে তেহরানের কোনো ধরনের সম্পর্ক নেই।তিনি আরো বলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা শুরু হয়।কাজেই জার্মানির এই সাজানো নাটকের ব্যাপারে ইরান বিস্মিত হয়নি।
কাসেমি আরো বলেন, ইউরোপের সবগুলো দেশ বিশেষ করে যেসব দেশ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছে সেসব দেশের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল ধরানোর জন্য এ ধরনের অভিযোগ উত্থাপন করা হচ্ছে।পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ হচ্ছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।