কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির একটি ট্রাক সড়কের পাশের চায়ের দোকানের ভিতরে ঢুকে কেড়ে নিয়েছে শফিউদ্দীন শফি (৩০) নামে এক যুবকের প্রাণ। গুরুতর আহত হয়েছে আরো দুই জন। বুধবার (১৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলৎদিয়াড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই পলাতক রয়েছে গাড়ির চালক।
নিহত শফিউদ্দীন ওরফে শফি সদর উপজেলার দৌলৎদিয়াড় গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় এলাকার একটি চায়ের দোকানে বসে শফিসহ ৩/৪ জন গল্প করছিলো। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ওই দোকানটির ভিতরে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই নিহত হয় শফিউদ্দীন ওরফে শফি। গুরুতর জখম হয় একই এলাকার আলামিন ও বেল্টু।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।