গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: দুর্নীতি-অনিয়ম, ঘুষ বাণিজ্য ও মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মুনসুর ও মাওহা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল হকের অপসারণ দাবি করেছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।
এ লক্ষে শনিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার মাওহা ইউনিয়নে ভূটিয়ারকোনা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এ ইউনিয়নের স্থানীয় সহস্রাধিক জনতা অংশগ্রহণ করেন।
বিক্ষুদ্ধ জনগণ মাওহা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল হক এ ইউনিয়নে যোগদানের পর থেকে জমির নাম খারিজ ও খাজনা আদায়ের নামে ঘুষ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি, হয়রানীসহ মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।
এসব নানা অভিযোগে ভুক্তভোগীরা গত বুধবার (১৮ জুলাই) ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজিজুল হককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন ঘটনাস্থলে উপস্থিত হলে ওই ভূমি কর্মকর্তা তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
এ নিয়ে উভয়ের মাঝে বাক-বিতন্ডা হয়। এ সময় উত্তেজিত জনতা ভূমি কর্মকর্তা আজিজুল হককে তার কার্যালয় থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। এ ঘটনায় আজিজুল হক বাদী হয়ে ওইদিন রাতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।
এ দিকে বুধবার (২৫ জুলাই) বিকেলে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল হককে লাঞ্ছিত করার ঘটনায় সরজমিনে তদন্তে যান উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর।
এসময় ভুক্তভোগী জনগণের সাক্ষ্য গ্রহণকালে তাদের সাথে মুহম্মদ আবুল মুনসুর অসৌজন্যমূলক আচরণ করেন। পরে পুলিশের হুমকী দিয়ে তদন্ত অসম্পূর্ণ রেখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বিক্ষুদ্ধ জনতা আগামী ৪ কর্মদিবসের মধ্যে উল্লেখিত সহকারি কমিশনার (ভূমি) মুহম্মদ আবুল মুনসুর ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল হকের অপসারন দাবি করেন।
অন্যতায় কঠোর কর্মসূচি পালন করবে বলে হুমকী দেন তারা।