জার্মানবাংলা রিপোর্ট: ঐক্যফ্রন্ট থেকে নির্বাচত দুই সংসদ সদস্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসছেন গণফোরামের নেতারা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানাবেন জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য জানান।
এর আগে বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের ঐক্য একশ ভাগ অটুট আছে, থাকবে। কারণ, এই ঐক্য ১৬ কোটি মানুষের ঐক্য। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে। সবাইকে নিয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে এই ঐক্যফ্রন্ট।