পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ-স্পেশাল ট্রেন সার্ভিস (বিশেষ ব্যবস্থায় ট্রেনে যাত্রা) শুরু হয়েছে।
শনিবার (৩১ মে) ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হলো এই ট্রেনযাত্রা।
ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি ৫ জোড়া অর্থাৎ ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তঃনগর ট্রেনগুলোর ‘ডে অফ’ (সাপ্তাহিক বিরতি)। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন দুই দিন চালানো হবে।
ঢাকা (কমলাপুর), বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাত্রীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে-পরে ১০ দিন করে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্র আরো জানায়, শনিবারের যাত্রার ট্রেনের আসনের টিকিটগুলো ১০ দিন আগে অনলাইন ব্যবস্থায় বিক্রি করা হয়েছে। ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হয়েছে ২৬ মে এবং ৭ জুনের আসন বিক্রি হয়েছে ২৭ মে।