ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে চীনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি, শুক্রবার ডোনাল্ড ট্রাম্পপন্থি আমেরিকান রেডিও টকশোতে হোস্ট হিউ হুইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন কথা জানান বলে ইরান প্রেসের খবরে বলা হয়।
তিনি আরও বলেন, যেসব দেশ বা কোম্পানি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে সেসব দেশ ও কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ঘোষণা করেন, চীন ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে তার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপ করবে।
মার্কিন মন্ত্রীরা এমন সময় বেইজিংকে এ হুমকি দিলেন যখন চীনা কর্মকর্তারা বারবার বলে এসেছেন, তারা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা মানেন না।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। যুক্তরাষ্ট্র ঘোষণা করে, তারা ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবে। কিন্তু ওয়াশিংটন এখন পর্যন্ত তার সে ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি। চীন, ভারত, ইরাক, রাশিয়া ও তুরস্কসহ আরো বহু দেশ যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে।