সমতল ও পাহাড়ের ভেদাভেদ ভুলে দলমত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে দেশের প্রতিটি শিশুর জন্য সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। শিশুদের কল্যাণে কোনো ধরনের বৈষম্য বা আঞ্চলিক বিভাজন গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের উদ্বোধনী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, বৈঠকে ডেপুটি স্পিকার বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের যে অঙ্গীকার রয়েছে, সেখানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ শিশুদের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকার এ বিষয়ে শতভাগ আন্তরিক ও সংবেদনশীল।
দেশে বিদ্যমান আইনের কার্যকারিতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে শিশু সুরক্ষা সংক্রান্ত আইনের কোনো ঘাটতি নেই; তবে মূল সংকট দেখা দেয় মাঠপর্যায়ে সেগুলোর যথাযথ বাস্তবায়ন ও কঠোর প্রয়োগের বেলায়। এ পরিস্থিতি উত্তরণে তিনি শুধু আইনের ওপর নির্ভর না করে পর্যাপ্ত বাজেট নিশ্চিতকরণ, অংশীজনদের মাঝে জোরালো প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ তাগিদ দেন। শিশুদের সুরক্ষায় প্রচলিত বা প্রস্তাবিত আইনে যদি কোনো ধরনের ফাঁকফোকর বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়, তবে তা দূর করতে সংসদ সদস্যদের পক্ষ থেকে বেসরকারি বিল উত্থাপনের পরামর্শ দেন তিনি। এ জাতীয় যেকোনো ইতিবাচক উদ্যোগে সংসদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের সুস্পষ্ট আশ্বাসও দেন তিনি।
শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি শিরীন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই সভায় নীতি নির্ধারণী পর্যায়ের নানা দিক উঠে আসে। এতে বিশেষভাবে আলোকপাত করা হয় শিশুবান্ধব নীতিমালা তৈরি, প্রয়োজনীয় উন্নয়ন বাজেট নিশ্চিতকরণ এবং কন্যাশিশু, প্রতিবন্ধী শিশু, প্রান্তিক জনগোষ্ঠী, পাহাড়ি অঞ্চল ও পিতৃহীন-অনাথ শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সঠিক পুষ্টি সুরক্ষা জোরদারের ওপর।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে ককাসের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য মোরশেদ মিলটন, এ কে এম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিনজ এবং মাধবী মার্মা।
তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।