রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই সনদ’ স্বাক্ষরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। শনিবার শেরে-বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সবগুলো মামলার বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলার বাদী শেরে-বাংলা নগর থানা পুলিশ। মামলাগুলোতে প্রায় ৮০০ থেকে ৯০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নিজেদের তিনটি দাবি ‘জুলাই সনদ’-এ অন্তর্ভুক্ত করার দাবিতে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল লোক মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভ শুরু করে। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। অন্যদিকে, বিক্ষোভকারীরা সড়কে আগুন ধরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলে। এসময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।