এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে জাতীয় দিবস ঘোষনার দাবীতে সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন কমিটির আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।
বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সফি, সোহরাব আলী সরকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে সকল মুক্তিযোদ্ধার অংশ গ্রহনে একটি পদযাত্রা শহর প্র্রদক্ষিণ করে মুক্তির সোপানে শেষ করে।