জামার্নবাংলা স্পেশাল রিপোর্ট: যতদিন নারীরা নির্ভয়ে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, যতদিন নারীদের নিরাপত্তা ও সহিংসতা নিয়ে আতঙ্কে থাকতে হবে, ততদিন বিশ্ব নারীদের সমানাধিকারের ব্যাপারে অহংকার করতে পারবে না, বলেন জাতিসংঘ মহিসচিব৷
২৫ শে নভেম্বর ‘আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা অবসান দিবস’৷ এ উপলক্ষ্যে চলতি সপ্তাহে জাতিসংঘ মহিসচিব আন্তোনিও গুতেরেস এই কথাগুলো বলেন৷
জাতিসংঘ সদরদপ্তরে দিবসটি উপলক্ষ্যে এক বিশেষ আয়োজনে গুতেরেস বলেন, ‘‘নারীর বিরুদ্ধে সহিংসতা বিশ্বব্যাপী মারণব্যাধি ক্যানসারের মতো রূপ নিয়েছে৷ এর ফলে অনেক নারী অল্পবয়সে মৃত্যুবরণ করছে৷” তিনি বলেন, ‘‘বিশ্বব্যাপী নারীর প্রতি এত সহিংসতা বাড়ার কারণ হলো নারী ও মেয়েদের প্রতি সম্মানের অভাব এবং পুরুষরাই এজন্য দায়ী৷ কেননা তারা সমাজে নারীদের সমানাধিকার দিতে প্রস্তুত নয় এবং নারীদের প্রাপ্য সম্মানটুকু তারা দেয় না৷ ”
জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষ্যে ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে৷ এই প্রচারণার নাম দেয়া হয়েছে ‘ইউনিটি ক্যাম্পেইন’৷ এর আওতায় সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা বিশ্বব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়৷
এ বছরের প্রতিপাদ্য হলো ‘‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড: হ্যাশট্যাগ হেয়ারমিটু”৷ বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে ‘কমলা’ রংকে বেছে নেয়া হয়েছে গতবছরের মতো৷ বিশ্বের সব দেশের নারী, যারা নির্যাতনের শিকার হয়েছেন, হচ্ছেন বা বেঁচে ফিরে এসেছেন তাদের কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করেছে জাতিসংঘ৷