মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন মোকাবেলা করে রাজপথে থেকে ময়মনসিংহের গৌরীপুরে দলকে চাঙ্গা করে রেখেছেন বিএনপি’র ত্যাগী নেতা গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
সূত্রে জানা যায়. দলীয় কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করায় বিগত ১০ বছরে তিনি ৫৭টি মামলার আসামী হন এবং ৭ বার কারাবরণ করেন। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম জমায় দেয়ায় উজ্জীবিত ও উদ্বেলিত বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা।
জানা যায়, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠছে। বর্তমানে চায়ের দোকান থেকে শুরু করে সব মহলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনার ঝড়। এ আসনে কে পাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন? বিএনপি থেকে কাকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াই জমবে এসব নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের নিকট। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির অধিকাংশ নেতাকর্মীর দাবি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বিএনপির মনোনয়ন পেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে ভোটযুদ্ধ হবে হাড্ডাহাড্ডি।
স্থানীয় নেতাকর্মীরা জানায়, হিরন ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মাত্র ২৭ বছর বয়সে মইলাকান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে তিনি বিপুল ভোটে মইলাকান্দা ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
হিরন বলেন, দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। মনোনয়ন পেলে বেগম খালেদা জিয়াকে আসনটি উপহার দিতে সক্ষম হব। এ জন্য সবার সার্বিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।
উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ নেতা কোয়াছম উদ্দিন জানান, গৌরীপুরে বিএনপি’র ভরসা আহাম্মদ তায়েবুর রহমান হিরন। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে ওই্ নেতার। হিরনকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয় লাভ করবে।
গৌরীপুর পৌর যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর সুজিত কুমার দাস জানান, গৌরীপুরে বিএনপি’র তৃণমূলের নেতা-কর্মীদের কাছে ব্যাপক জনপ্রিয় আহাম্মদ তায়েবুর রহমান হিরন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন দাখিল করায় বিএনপি’র নেতা-কর্মীসহ সকল মানুষকে উদ্বেলিত করেছে। হিরন একমাত্র ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে রাজপথে থেকে সাহসিকতার সাথে গৌরীপুরে বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বারবার কারাবরণ করছেন। তিনি মনোনয়ন পেলে গৌরীপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
গৌরীপুর পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি একেএম মোমেন খান কামাল জানান, দলের দুঃসময়ের কান্ডারী ও নেতা-কর্মীদের প্রাণপ্রিয় নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরন। তাকে মনোনয়ন দিলে এ আসনে আ.লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে ভোট যুদ্ধ হবে হাড্ডাহাড্ডি।
সিধলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন জানান, হিরন হচ্ছেন গৌরীপুরে বিএনপি’র কর্ণধার ও জনপ্রিয় ব্যক্তি। তিনি মনোনয়ন পেলে বিএনপি’র এ আসনটি পুনরুদ্ধার হবে।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শহিদুল্লাহ হিরনকে মনোনয়ন দেয়ার জোরালো দাবি করে জানান, বসন্তের কোকিলদের মাঝে অনেকেই এ আসনে এখন দলীয় মনোনয়ন ফরম কিনতে দেখা যাচ্ছে, যাদেরকে বিগত ১০ বছরে দলীয় কর্মকাণ্ডে এলাকায় দেখা যায়নি। এসব বসন্তের কোকিলদের বিএনপি’র দলীয় মনোনয়ন দিলে এ আসনে বিএনপি’র ভরাডুবি হবে।
এদিকে হিরনকে এ আসনে বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য জোর দাবি করেন ডৌহাখলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল হাশিম সাত্তার মন্ডল, মাওহা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্বাছ আলী সরকার, সহনাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ ছিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জমান পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির, গৌরীপুর পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল হোসেন পাপ্পু, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহজাহান আকন্দ সুমনসহ আরো অসংখ্য স্থানীয় নেতা-কর্মীরা।