চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় ওঠার পর ভারতের বাজারে স্বর্ণের দাম ৩২ শতাংশের বেশি কমেছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম বড় অঙ্কে কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অতীতের বাজার বিশ্লেষণ বলছে, বড় দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) ২১ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থেকে কমে ১ লাখ ২২ হাজার রুপিতে দাঁড়িয়েছে। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম হওয়ায় সে হিসাবে ভরিতে দাম কমেছে প্রায় ৬৭ হাজার ৬৬১ রুপি। স্বর্ণের এই দরপতনের পর অতীতের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এর পুনরুদ্ধারে কতটা সময় লাগতে পারে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফান্ডসইন্ডিয়ার ‘ওয়েলথ কনভারসেশনস’ প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে গড়ে প্রায় দুই বছর আট মাস সময় লাগে এবং এরপর আগের সর্বোচ্চ দাম ফিরে পেতে আরও গড়ে চার বছর সাত মাস লাগতে পারে।
শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছে রেকর্ড গড়েছিল; এরপর দাম প্রায় ৩৬ শতাংশ কমে গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। স্বর্ণের দামে এই পতনের পেছনে শক্তিশালী মার্কিন ডলার, দেশটির সরকারি বন্ডের মুনাফার হার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনাসহ বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক কারণ কাজ করেছে। সাধারণত সুদের হার বাড়লে সরাসরি সুদ না পাওয়ার কারণে স্বর্ণের আকর্ষণ কমে যায় এবং বিনিয়োগকারীরা সুদযুক্ত সম্পদের দিকে ঝুঁকে পড়েন।
বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে পূর্বাভাসও সংশোধন করেছে বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য দাম ৫ হাজার ৬০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৬৫০ ডলার নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, উচ্চ সুদের হার স্বল্পমেয়াদে স্বর্ণের দাম বাড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এবং ভবিষ্যতে সুদের হার কমলে বিনিয়োগকারীদের চাহিদা বেড়ে বাজার আবারও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতীতের বড় দরপতনের ঘটনাগুলোও স্বর্ণের দাম পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগার ইঙ্গিত দেয়। আগের সর্বোচ্চ দাম থেকে ব্যাপক পতনের পর স্বর্ণের মূল্য পুনরুদ্ধারে প্রায় এক দশক সময় লেগেছিল এমন নজির যেমন রয়েছে, তেমনি ১৯৯৬ ও ২০১২ সালের দরপতনের পর আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে ছয় বছরের বেশি সময় লেগেছিল। ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণে সতর্ক করা হয়েছে যে, দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালেই দ্রুত পুনরুদ্ধার শুরু হবে—এমন কোনো নিশ্চয়তা নেই।
স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি, সরকারি বন্ডের মুনাফা এবং মার্কিন ডলারের ওঠানামার পাশাপাশি চীনের মতো দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বার ও মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণ খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। বিশ্লেষকদের মতে, স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে দ্রুত মুনাফার প্রত্যাশা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা উচিত এবং নতুন করে বিনিয়োগ করতে চাইলে একবারে বড় অঙ্কের অর্থ না ঢেলে ধাপে ধাপে কেনা উচিত, যাতে অস্থির বাজারে ঝুঁকি কমানো যায়।
সূত্র: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স), ফান্ডসইন্ডিয়া ও গোল্ডম্যান স্যাকস প্রতিবেদন।