স্থানীয় সময় ২ নভেম্বর, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে ওয়াশিংটনে আয়োজিত হয় ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্বের উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ।
সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং সিএমজি-র মহাপরিচালক শেন হাই সিয়োং সংলাপে একটি ভিডিও-বার্তা পাঠান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং মূল বক্তব্য দেন। কুন ফাউন্ডেশনের প্রধান রবার্ট কুন এবং চীনের আমেরিকান বন্ধু মিস্টার সেকোসও সংলাপে অংশগ্রহণ করেন।
সংলাপে মার্কিন কৌশলগত মহল ও ব্যবসায়ী মহলের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন অতিথি, চীনের শাসনব্যবস্থার সফল অভিজ্ঞতা এবং বিশ্বে চীনের অবদানের মতো বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন।
শেন হাই সিয়োং তাঁর বক্তব্যে বলেন, আজকের চীনকে জানার জন্য সিপিসি সম্পর্কে জানা প্রয়োজন। সম্প্রতি সিপিসি-র বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। এই পূর্ণাঙ্গ অধিবেশনে বিশ্বের প্রতি সুস্পষ্ট ও দৃঢ় যে-সংকেতটি দেওয়া হয়েছে, তা হচ্ছে: ১০৫ বছরের গৌরবময় ইতিহাসের অধিকারী সিপিসি, উচ্চতর মানদণ্ড ও আরও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে, নিজেকে আরও শক্তিশালী করবে।
শেন হাই সিয়োং আরও বলেন, বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে বৈচিত্র্যময় আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে, সিএমজি সিপিসির বিজয়ের কৌশলগুলো কার্যকরভাবে প্রচার ও ব্যাখ্যা করা, সিপিসির গল্প আরও ভালোভাবে তুলে ধরা, এবং উচ্চমানের অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখবে। সিএমজি ৮৫টি ভাষা, সিজিটিএনের সমন্বিত মিডিয়া প্ল্যাটফর্ম, এবং ১৯২টি বিদেশি স্টেশনের সুবিধা কাজে লাগিয়ে, পারস্পরিক শিক্ষা ও বিনিময়ের জন্য একটি সংলাপ প্ল্যাটফর্ম তৈরি করেছে।
রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, সিপিসির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজন, বিশ্ববাসীর ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এই পূর্ণাঙ্গ অধিবেশনটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, যা সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকীর মতো এক সন্ধিক্ষণে এবং চীনা জাতির মহান পুনরুজ্জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হয়েছে।
সিয়ে আরও বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে, ১১ বছর পর, প্রেসিডেন্ট সি যুক্তরাষ্ট্রে সফর করেন। সফরকালে দু’দেশের প্রেসিডেন্টদ্বয় সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক গড়ে তুলতে সম্মত হন।
রবার্ট কুন বলেন, সিপিসি সর্বাত্মক ও কঠোর দলশাসনে বিশ্বাস করে এবং দেশের উন্মুক্তকরণ ও আধুনিকীকরণের জন্য একটি শক্তিশালী নিশ্চয়তা প্রদান করে।
চীনের আমেরিকান বন্ধু মিস্টার সেকোস, চীনা মরুকরণ-নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ইন ইউ চেনকে সমর্থন করা এবং তার সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলার আন্তরিক কাহিনি বর্ণনা করেন। তিনি বলেন, যদিও যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক ব্যবস্থা ও উন্নয়নের পথ ভিন্ন, উভয় দেশই জাতীয় উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উভয় পক্ষের উচিত, নিজেদের মধ্যে মতপার্থক্য বাড়ানোর পরিবর্তে, অভিন্ন লক্ষ্যের ওপর আরও বেশি মনোযোগ দেওয়া।
উল্লেখ্য, ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্বের উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকায়ও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
সূত্র: অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ