শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
অনুদান প্রদান অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সবার—এই দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীর সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, পূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি পূজা মণ্ডপের আশপাশের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন ও নর্দমা পরিষ্কারের কাজ পূজার আগেই জরুরি ভিত্তিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এর মাধ্যমে পূজাকেন্দ্রিক বিভিন্ন নাগরিক সেবা ও জরুরি বিষয় দ্রুত সমন্বয় করার ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো—নগরীর সব পূজা মণ্ডপের প্রতিনিধিদের একত্র করে তাদের প্রতি যে মূল্যায়ন ও স্বীকৃতি জানানো হয়েছে। এ উদ্যোগ পূজার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের পাশাপাশি সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।