আগামী বছর থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিবিষয়ক চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও ব্যবহারিক শিক্ষার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি বই যুক্ত হবে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য থাকবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। অর্থাৎ আগামী বছর থেকে মোট চারটি নতুন বই শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি কারিগরি জ্ঞান, খেলাধুলা ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। সময় ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও নতুন বিষয় ও বই পাঠ্যক্রমে যুক্ত করার সুযোগ থাকবে।
তিনি বলেন, এমন একটি প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যারা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করবে এবং দেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এ লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন বলে দাবি করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন।
কলেজে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করেই যারা আবেদন করেছে, তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপরও অনেক কলেজে আসন খালি রয়েছে। এ বছর কলেজগুলোর মোট আসনসংখ্যার তুলনায় পরীক্ষার ফলাফলের সংখ্যা অনেক কম হওয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাস ও তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো তুলনামূলক কম। ভর্তুকির মাধ্যমে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপিও উপস্থিত ছিলেন।