যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অক্টোবর মাসেও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজ্যটির প্রায় পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এই দাবদাহের কারণে ৩ কোটি ৫০ লাখের বেশি মানুষকে অতিরিক্ত তাপমাত্রার সতর্কতার আওতায় রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেশি হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তর ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকো সীমান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস, সান ডিয়েগো, সান ফ্রান্সিসকো ও স্যাক্রামেন্টোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে চরম তাপমাত্রা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রীয় এলাকায় তাপমাত্রা প্রায় ১০৪ ডিগ্রি এবং বেকার্সফিল্ডে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে উঠতে পারে। এর আগে শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্তত আটটি শহরে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার পুরোনো রেকর্ড ভেঙে যায়।
আনাহেইম ও সান ডিয়েগোতে তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। সান্তা আনায় রেকর্ড করা হয় ১০৭ ডিগ্রি। আর সান ডিয়েগোর ভিস্তা শহরে তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইটে ওঠে। এতে নতুন দৈনিক রেকর্ড তৈরি হওয়ার পাশাপাশি ১৯৮৫ সালের ৩০ জুনের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও স্পর্শ করে শহরটি।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপমাত্রা সংক্রান্ত সতর্কতা স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে।
ক্যালিফোর্নিয়ার পাশাপাশি পশ্চিমাঞ্চলের অন্যান্য রাজ্যেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। সোমবার নাগাদ দক্ষিণ আইডাহো, মন্টানা ও ডেনভারে তাপমাত্রা ৮০ ডিগ্রি ফারেনহাইটের শেষভাগে পৌঁছাতে পারে। এতে বোইসি ও বিলিংস শহরেও দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়া। সেখানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব লুইজিয়ানা থেকে দক্ষিণ জর্জিয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
নিউ অরলিন্স, মোবাইল, তালাহাসি ও ব্রান্সউইক এলাকায় ২ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো স্থানে বৃষ্টির পরিমাণ ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ টেক্সাসের কিছু এলাকায় অতিভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকির পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর।
সূত্র: এবিসি নিউজ