জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বনেতাদের ব্যস্ত কূটনৈতিক কর্মসূচির মধ্যেই শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নতুন বৈশ্বিক উদ্যোগ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ নামের এ উদ্যোগের লক্ষ্য বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিকাশের সুযোগ তৈরি এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানো।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে আয়োজিত বিশেষ বৈঠকে উদ্যোগটি উন্মোচন করেন মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ সময় মেলানিয়া ট্রাম্প তাকে স্বাগত জানান এবং দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। হোয়াইট হাউস সম্প্রতি তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে।
অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প বলেন, সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কোনো বিকল্প নেই। বিশ্বের প্রতিটি প্রান্তের শিশু যেন নিজেদের মেধা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন ও বিকাশে সহায়ক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত এ বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। মেলানিয়া ট্রাম্পের ঘোষিত উদ্যোগটি ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।