পরিচ্ছন্নতা সংক্রান্ত নাগরিক অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপস স্বল্প সময়েই নগরবাসীর সাড়া পেয়েছে। গত ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ১ আগস্ট থেকে অ্যাপটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়।
কার্যক্রম শুরুর পর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে অ্যাপটির মাধ্যমে মোট ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগ সফলভাবে সমাধান করা হয়েছে। বাকি ৪৪১টি অভিযোগ বর্তমানে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, নাগরিক সন্তুষ্টির ক্ষেত্রেও অ্যাপটি ইতিবাচক সাড়া পেয়েছে। ব্যবহারকারীদের দেওয়া রেটিংয়ের গড় ৫-এর মধ্যে ৪ দশমিক ৫। পাশাপাশি ৮৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপটির বিষয়ে ইতিবাচক মতামত জানিয়েছেন।
অ্যাপটির মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারছেন। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে পরিচ্ছন্নতা সেবায় জবাবদিহিতা বাড়ার পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির গতিও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
উদ্যোগটির বিষয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও জরুরি। ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ নিয়ে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অ্যাপটির প্রতি আস্থা রাখায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নাগরিক সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ডিএসসিসির অন্যান্য নাগরিক সেবাকেও পর্যায়ক্রমে এই অ্যাপের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ডিএসসিসি ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেম চালু করে।