দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বরিশাল ব্যুরো অফিসের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চ্যাটার্জি। তবে চাকরি না থাকলেও বরিশাল ব্যুরো অফিসের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। অফিসের একটি চাবি তাঁর কাছে থাকত। প্রায়ই দিনে ও রাতে তিনি অফিসে এসে সময় কাটাতেন।
বর্তমান সমকাল বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে পুলক চ্যাটার্জি একটি দাওয়াতে অংশ নেন। পরে সন্ধ্যায় তিনি অফিসে এসে দেখতে পান, ভেতর থেকে দরজা তালাবদ্ধ। দরজার কিছুটা ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অফিসের দরজা ভেঙে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো সম্ভব হবে।
পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ