জাতিসংঘের আসন্ন অধিবেশনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরের হোটেল স্টার প্যাসিফিকে জেলার কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাবেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর আসন্ন জাতিসংঘ সফর প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ও দেশের পরিবর্তনের বার্তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনতে হবে—এমন কোনো বিষয় বাংলাদেশকে চাপিয়ে দেওয়া হচ্ছে না।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কেনা হতে পারে বলেও জানান তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে দেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সূত্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য