বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তাঁর দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ। তিনি জানান, গত ৩০ আগস্ট কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়।
আবেদন শুনানি শেষে সন্তানদের হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন ফারজানা রুপা। পরে তাঁকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকাকালে তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে রেখে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফারজানা রুপাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।
এ মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে অসুস্থতার কারণে ফারজানা রুপা ছাড়া বাকি ১০ জন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
সূত্র: আদালত ও সংশ্লিষ্ট আইনজীবী