বাগেরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। পূর্বঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি বাগেরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান।
আবেদনে বাগেরহাট জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, চিকিৎসক সংকট নিরসন এবং স্থানীয় জনগণের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি মেডিকেল কলেজ। এটি প্রতিষ্ঠিত হলে জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার সুযোগও পাবে। আমরা আশা করছি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
স্থানীয়দের মতে, বর্তমানে উন্নত চিকিৎসাসেবা পেতে বাগেরহাটের রোগীদের খুলনা কিংবা রাজধানী ঢাকায় যেতে হয়। জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এদিকে, বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ সফল হলে জেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের একটি দাবি বাস্তবে রূপ নেবে।