বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে তিনজন ডিআইজি, ১১ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও কয়েকজন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকারী কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় তাদের অবসর দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা, সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের সুলতানা নাজমা হোসেন ও বিধান ত্রিপুরা, নৌ পুলিশের জেসমিন বেগম, এপিবিএনের সহেলী ফেরদৌস, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমির মোহাম্মদ তবারক উল্লাহ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোছা. ফরিদা ইয়াসমিন, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত ফয়সল মাহমুদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসর-পরবর্তী সব সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
সাম্প্রতিক মাসগুলোতে একাধিক ধাপে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সর্বশেষ ৫ জুলাই ৩৩ জন কর্মকর্তাকে, ৩ মে ১৭ জনকে এবং ২২ এপ্রিল ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে একই আইনের আওতায় অবসরে পাঠানো হয়। ফলে চলতি বছরে কয়েক দফায় উল্লেখযোগ্য সংখ্যক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা ঘটল।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।