জার্মানবাংলা, সিলেট প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিজনগর গ্রামের ব্যবসায়ী হাদিছা বেগম (২৪) ও তার ২ বছর বয়সী কন্যা সন্তান মীম এবং ৭ মাস বয়সী পুত্র সন্তান মুজাহিদুল ইসলাম।
তিনটি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল। তিনি বলেন, রাতে স্থানীয়রা ঘরের ভেতরে দেখতে পান মায়ের গলায় রশি দিয়ে ফাঁসি লাগানো এবং দুই শিশু খাটের উপরে গলা কাটা অবস্থায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনতে পেরেছি দুই সন্তানকে হত্যা করে মা নিজে আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।