রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আসামিকে আদালতে হাজির করেন। পরে সোহেল রানা স্বেচ্ছায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করলে আদালত তা গ্রহণ করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও পৃথক আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালত সূত্র জানায়, নিহত রামিসা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় একটি ফ্ল্যাটে প্রবেশ করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে স্বামীর জড়িত থাকার কথা জানান স্বপ্না আক্তার। পরে অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।