বর্ডার গার্ড বাংলাদেশের ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
০২ এপ্রিল সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন সদরে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাগত বক্তব্য দেন। পরবর্তীতে প্রধান অতিথি কর্নেল রকিবুল হাসান তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দিন-রাত ২৪ ঘন্টা সীমান্তে সতর্ক প্রহরায় নিয়োজিত থেকে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, মাদক কেবল ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকে বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সীমান্তে মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবির সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি মাদকের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথি মাদক চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে তিনি নিজ হাতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গত ০১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ সময়কালে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত উল্লেখযোগ্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে-৩,৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২,০৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান/বোতল বিয়ার, ৭৬৫.২৩ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১,২২,৭০৯ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কৌটা মাদক এবং ০১ লিটার বাংলা মদ। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য প্রায় (দুই কোটি তের লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত একান্ন) টাকা।
উল্লেখ্য, বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ইয়াবাসহ বিভিন্ন প্রাণঘাতী মাদক উদ্ধার করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ ধরনের ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে ফেনী ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব চয়ন বড়ুয়া, বিভাগীয় কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা জনাব বিকাশ সরকার, র্যাব কর্মকর্তা স্কোয়াড্রন লিডার জনাব মোঃ মিজানুর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর জনাব নূর মোহাম্মদ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।