ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে অগ্রগতি হয়েছে দেশের তৈরি পোশাক খাতে। ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা অধিকাংশ কারখানাই ইতোমধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে বলে জানিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দুই শহরে বর্তমানে চালু থাকা ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। শতাংশের হিসেবে যা প্রায় ৯৭ দশমিক ৭৯।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ঢাকায় চালু রয়েছে ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি পোশাক কারখানা। এর মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে মোট ২ হাজার ১০৪টি কারখানা, যা প্রায় ৯৮ দশমিক ৯২ শতাংশ।
এছাড়া শ্রমিকদের সুবিধার্থে মার্চ মাসের অগ্রিম বেতন দেওয়ার পরিকল্পনা করেছে ৮৭০টি কারখানা। এর মধ্যে ঢাকায় রয়েছে ৮৪০টি এবং চট্টগ্রামে ৩০টি কারখানা।
বিজিএমইএ জানিয়েছে, ঈদ উপলক্ষে শ্রমিকদের প্রাপ্য বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তদারকি অব্যাহত রয়েছে।