নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সি এক কিশোরীকে অপহরণ ও হত্যার ঘটনায় নয়জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতেই নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। ঘটনার পরপরই জেলা পুলিশ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—এবাদুল্লাহ (৪০), আইয়ুব (৩০), গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) এবং তার ছেলে ইমরান দেওয়ান (৩২)। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন।
গত বুধবার রাতে কিশোরীকে তার বাবার কাছ থেকে কয়েকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। পরদিন সকালে স্থানীয় একটি ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার হয়। প্রায় দুই সপ্তাহ আগে তাকে স্থানীয় কয়েকজন দ্বারা নির্যাতনের অভিযোগ ওঠে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল বলে জানিয়েছে পরিবার।
ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অপরাধীদের কেউ রেহাই পাবে না। দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবিও জানান তিনি। জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার প্রতিবাদ জানিয়েছে।