মোঃ নজরুল ইসলাম,কোটচাঁদপুর (ঝিনাইদহ): বুধবার ঈদের দিন (২২ আগস্ট) সকালে কোটচাঁদপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের এসও প্রদীপ কুমার মণ্ডল জানান, সকাল সাতটা ২৫ মিনিটের দিকে খরব পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল কোটচাঁদপুর শহরের অদূরে বলুহর ভাটামতলায় যান। ওখানে রেললাইনের পাশে এক ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনার পর পরই মারা যান।
এলাকাবাসী বলছেন, সকাল সাতটার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি মারাত্মক আহত হন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। কোটচাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৪ ডাউন) সকাল সাতটার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন অতিক্রম করে। ওই ট্রেনের ছাদ থেকে পড়ে যান অজ্ঞাত ওই ব্যক্তি।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ‘যেহেতু অজ্ঞাত ওই ব্যক্তি হাসপাতালে এসে মারা গেছেন, সেকারণে লাশটি আমরা ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠাবো।’
সংশ্লিষ্টদের ধারণা, ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় ছাদে চড়ে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন হতভাগ্য ওই ব্যক্তি।