মো: রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা পালন করেছে পর্তুগাল প্রবাসী হাজারো বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মানুষ। ঈদের নামাজের জামাত নিয়ে উৎসব মুখর এখন পর্তুগালের রাজধানী লিসবন, পোর্তো, আলগর্ভসহ বিভিন্ন শহর।
মূলত ঈদকে কেন্দ্র করে নামাজে যে গণজমায়েত হয়, তা প্রবাসি বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। নামাজ শেষে কুলাকুলি, কুশল বিনিময়, বাঙালিয়ানা পোশাকে আনন্দ উৎসবে মাতোয়ারা থাকে বাঙালি পাড়া।
মঙ্গলবার পর্তুগালের প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় লিসবনের মাতৃম মনিজ পার্কে সকাল ৮.০০ টায়। বায়তুল মোকারম বাংলাদেশ ইসলামিক সেন্টার ও মাতৃম মনিজ জামে মসজিদের যৌথ পরিচালনায় উক্ত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকারম বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রদান খতিব মাওলানা আবু সাইদ।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন লিসবন পর্তুগালের মাননীয় রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিক। নামাজ শেষে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছন ও সকলের সাথে কৌশল বিনিময় করেছেন। প্রায় ছয় হাজার লোকের সমাগমে ইউরোপের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠানের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় রাষ্ট্রদূত।
তাছাড়াও লিসবন সেন্ট্রাল জামে মসজিদে সকাল ৬.৪৫মিঃ ও ১০.০০ মিঃ দুইটি, ওধিবিলাস ঈদগাঁও সকাল ৭.৫০মিঃ একটি, ওধিবিলাস জামে মসজিদে সকাল ৭.০০ মিঃ ও ১০.০০মিঃ দুইটি, আমাদোরার জামে মসজিদে সকাল ৭.০০মিঃ, রিবাইরালো বাংলাদেশী জামে মসজিদে একটি, লংগাইরা-আলমোগরাভ একটি, আলগ্রাবে বাঙ্গালী অধ্যুষিত এলাকায় একটি, কাসকাইস বাংলাদেশী জামে মসজিদে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও বন্দর নগরী ও বাণিজ্যিক শহর পোর্তোর বাঙ্গালী অধ্যুষিত রুয়া দে লউরেইরোর হযরত হামজা (রঃ) মসজিদে দুইটি ঈদের জামাত ছাড়াও মিনদেলো পাইকারী বাজার মসজিদে (কাজল ভাইয়ের দোকানের মধ্যে) একটি, কোইমব্রা জামে মসজিদে আরো একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।