আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন।
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকার সংলগ্ন জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ জিয়ার পাশে দাফন করা হবে।’
তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের সিদ্ধান্তে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতি প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।