অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সারা দেশে একযোগে শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় প্রথম দিনের পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান এবং ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষার সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর ও ৩ ঘণ্টা সময় এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০ নম্বর, পৃথকভাবে ১ ঘণ্টা ৩০ মিনিট করে পরীক্ষায় অংশ নেবে। প্রতিদিনই পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় তথ্য লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি দিতে পারবেন।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
গণিত ও বিজ্ঞান পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত আটটি নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে অনুমোদিত মডেলের বাইরে কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র গ্রহণ করা হবে না। প্রাকৃতিক জরুরি কারণ ছাড়া পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না এবং ইনভিজিলেটর উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত আসন ত্যাগ নিষিদ্ধ থাকবে।
পরীক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই উত্তরপত্র সংগ্রহ করা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নির্দেশনা ও তদারকির মাধ্যমে এ বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।