সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজেই জানালেন তামিম ইকবাল—এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি অংশ নিচ্ছেন না। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল খেলোয়াড় নিলাম (প্লেয়ার্স ড্রাফট) থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে ইতোমধ্যেই জানিয়েছেন তামিম। ক্রিকবাজকে তিনি বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। ড্রাফট থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ করেছি।”
২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে প্রতিটি মৌসুমেই মাঠে দেখা গেছে তামিমকে। শেষ দুই আসরে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি; গত মৌসুমে শিরোপাও এনে দেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।
বোর্ড নির্বাচনের সাম্প্রতিক উত্তাপ, ফিসনেট ইস্যু এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজি অনুপস্থিতি—সব মিলিয়েই তার বিপিএলে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তারই অবসান ঘটালেন তিনি, জানিয়ে দিলেন এবারের আসরে থাকছেন না।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম ইকবাল। এরপর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিপিএলে অংশগ্রহণ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত স্পষ্ট করলেন দেশের অন্যতম সফল ওপেনার।