জাতীয় সনদ তৈরিতে এ সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি ঘটানোর লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে এ কথা জানান কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
ড. আলী রীয়াজ বলেন, “দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে যেকোনোভাবেই একটা যৌক্তিক জায়গায় আসতেই চাই। বড়জোর সেটা ৩১ জুলাই হতে পারে।”
কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনার সূচিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়গুলো হলো— প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট (অব.) হাসান সোহরাওয়ার্দী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক উপস্থিত ছিলেন।
কমিশন আশা করছে, চলমান সংলাপের মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত ন্যূনতম ঐকমত্য তৈরি হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করা সম্ভব হবে।