মো: রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের (IPhO) বিশ্ব আসরে বাংলাদেশ দলের ৪টি ব্রোঞ্জ পদক পেয়েছে।
শনিবার ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।
ব্রোঞ্জ পদক জয়ী চার শিক্ষার্থীরা হলো- আবরার আল শাদীদ আবীর (চট্টগ্রাম কলেজ), ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক (নটর ডেম কলেজ) এবং রাশেদুল ইসলাম (মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)।
এদিকে বাংলাদেশ দলের দুইজন সদস্য তিন পয়েন্টের জন্য সিলভার পদক এবং বাকী একজন দুই পয়েন্টের জন্য অনারেবল মেনশন মিস করেছে। এছাড়াও একটা সমস্যায় পারফেক্ট স্কোর করেছে নটরডেম কলেজের ইরতিজা ইরাম।
এর আগে গত সোমবার প্রথম ২০ নাম্বারের পরীক্ষা হয়েছিল এবং বুধবার ছিল ৩০ নাম্বারের শেষ পরীক্ষা। গত দুইদিন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পর্তুগালের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ন দর্শনিয় স্থান পরিদর্শন করেন।
বাংলাদেশ দলের লিডার হিসাবে ছিলেন দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।
লিসবনে বাংলাদেশ টিমের গাইড হিসেবে কাজ করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি সাহেদ ইব্রাহীম নবী। তিনি এর আগে গণিত অলিম্পিয়াডের বেশ কিছু আয়োজনের গাইড হিসেবে বিভিন্ন দেশে কাজ করছেন।
রোববার ২৯ জুলাই সমাপনী ও পুরস্কার বিতরণির মধ্যে দিয়ে এবারের আয়োজন সমাপ্ত হবে। আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ টিমের দেশে ফিরে যাবার কথা রয়েছে।