সময় যেন কেবল একটি ক্যালেন্ডার নয়-সে একটি ইতিহাস। আর সেই ইতিহাসের পাতায় রক্তিম অক্ষরে লেখা একটি নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলো জার্মানির হেসেন প্রদেশের ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশিরা।
রবিবার, ১৫ জুন। প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে এক বিকেলে, ফ্রাঙ্কফুর্টের এক সভাকক্ষে যেন ফিরে এলো বাংলাদেশ। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হেসেন বিএনপি’র নেতাকর্মীরা আয়োজিত করলেন এক দোয়া মাহফিল ও আলোচনা সভা- যেখানে শুধুই স্মরণ নয়, ছিল প্রেরণার দীপ্তি।
অনুষ্ঠানের শুরুতে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মহান প্রভুর দরবারে উঠলো মোনাজাত।
এরপর শুরু হয় স্মৃতিচারণ ও আলোচনার পর্ব। সভাপতিত্ব করেন হেসেন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন প্রদেশের সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বলেন, “জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের রূপকার, এক নির্ভীক সেনানায়ক ও দুর্দর্শী রাষ্ট্রনায়ক। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।”
সাবেক সহ-সভাপতি সুলাইমান হোসেন তার বক্তব্যে বলেন, “জিয়া মানে স্বাধীনতা, গণতন্ত্র আর একটি স্বপ্নময় বাংলাদেশ। তাঁর আদর্শেই আজও আমরা চলি, বাঁচি, স্বপ্ন দেখি।”
সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিন্টু বলেন, “ঐক্যই আমাদের শক্তি। বিএনপিকে আবারো ক্ষমতায় আনতে হলে আদর্শে অবিচল থেকে সবাইকে একত্রে পথ চলতে হবে।”
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন,
“শহীদ জিয়ার রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো, যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না দমন-পীড়ন।”
অনুষ্ঠানজুড়ে আবেগ, প্রত্যয় এবং রাজনৈতিক চেতনার সমন্বয়ে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে পরিপূর্ণতা পায় এই আয়োজন।