“আমি বাবার কাছ থেকে অনেক মূল্যবান এবং মহৎ গুণাবলী উত্তরাধিকারসূত্রে লাভ এবং আত্মস্থ করার আশা করি।” ২০ বছরেরও বেশি আগে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার বাবা সি চুং সুনকে লেখা একটি চিঠিতে এভাবে লিখেছিলেন।
লোস ভূমি থেকে উঠে আসা একজন সর্বহারা বিপ্লবী, সি চুং সুন, জনগণের প্রতি গভীর স্নেহ পোষণ করতেন। বাবার কথা ও কাজ সি চিন পিংয়ের চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং কমিউনিজমের উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করার ও দেশ ও জনগণের সেবা করার ক্ষেত্রে তার দৃঢ়সংকল্পকে শক্তিশালী করেছে।
১৯৬৯ সালের জানুয়ারি মাসে, ১৬ বছরেরও কম বয়সী সি চিন পিং বেইজিং থেকে উত্তর শানসি প্রদেশের লিয়াংচিয়াহ্য গ্রামে যান। “আমি যেখানেই যাই না কেন, আমি সর্বদা লোস ভূমির সন্তান থাকব।” বহু বছর পরে, তিনি একটি প্রবন্ধে বলেছিলেন, “একজন জনসেবক হিসেবে, উত্তর শানসি প্রদেশের মালভূমি আমার মূল, কারণ এটি আমার মধ্যে এক অপরিবর্তনীয় বিশ্বাসকে লালন করেছে: জনগণের জন্য বাস্তবসম্মত কাজ করা!”
বাবার প্রভাবে সি চিন পিং “জনগণ” শব্দটি তার হৃদয়ে গেঁথে রেখেছেন।
কয়েক দশক ধরে, সি চিন পিং “মানুষের সেবা করার” তার উদ্দেশ্যকে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবায়িত করেছেন।
২০১২ সালের নভেম্বরে, সি চিন পিং সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরপরই মহা গণভবনে চীনা এবং বিদেশি সাংবাদিকদের সাথে দেখা করেন। এই সময় তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন: “জনগণের সুন্দর জীবনের আকাঙ্ক্ষাই আমাদের লক্ষ্য।”
১৯৭৮ সালের অগাস্ট মাসে, যখন সি চুং সুন কুয়াংতুং প্রদেশে কর্মরত ছিলেন, তখন ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সি চিন পিং তার গ্রীষ্মকালীন ছুটির সুযোগ নিয়ে সামাজিক অনুশীলনে অংশগ্রহণ করেন এবং তার বাবার সাথে গ্রামাঞ্চলে যান।
সি চুং সুন প্রশ্ন নিয়ে অনুসন্ধান করতে যেতেন, সমাধান খুঁজে বের করার জন্য তৃণমূলের গভীরে যেতেন এবং উত্তর খুঁজে বের করার জন্য জনগণের জ্ঞান সংগ্রহ করতেন। এটি সি চিন পিংকে অনুপ্রাণিত করেছিল। তিনি গভীরভাবে অনুভব করেছিলেন যে, তদন্ত ছাড়া কথা বলার কোনো অধিকার থাকে না। দ্বন্দ্ব এবং সমস্যা সমাধানের জন্য, তৃণমূলের গভীরে যেতে হবে, জনগণের গভীরে যেতে হবে এবং জনগণের কাছ থেকে শিখতে হবে।
“আমার বাবার মিতব্যয়ীতা বেশ কঠোর। তাঁর কঠোর পারিবারিক শিক্ষাও সুপরিচিত। শৈশব থেকেই তাঁর শিক্ষার মাধ্যমে আমরা মিতব্যয়ীতা এবং পরিশ্রমের অভ্যাস গড়ে তুলেছি।” সি চিন পিং তার বাবার কাছে লেখা এই জন্মদিনের চিঠিতে এই কথা লিখেছেন।
তার বাবার প্রভাবে, সি চিন পিং মিতব্যয়ী গুণাবলী উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।সি চুং সুন একবার বলেছিলেন: “একজন কমিউনিস্ট পার্টির সদস্যের জন্য, পার্টির জন্য আরও বেশি কাজ করার চেয়ে আনন্দের এবং গর্বের আর কী হতে পারে!” তার বাবার কথা এবং কাজ সি চিন পিংকে শিখিয়েছিল কীভাবে সম্পূর্ণরূপে জনগণের জন্য উপকারী একজন মানুষ হতে হয় এবং তাকে জনগণের সেবা করার জন্য নিজের জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছিল।
সূত্র: শুয়েই-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।১া