ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি শুরু হতে না হতেই দু’দেশই তা লঙ্ঘনের অভিযোগ তুলে বরে জন্য একে অপরকে দায়ী করছে।
প্রতিবেশি দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, সীমান্তে গোলাগুলি ও দুই দেশের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সাময়িক অস্ত্রবিরতি চুক্তি হয়; যা দুই দেশ স্বীকারও করেছিল।
তবে অস্ত্রবিরতি কার্যকরের শুরুতেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান। খবর আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় গতকাল শনিবার এই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
তবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জোরালো অভিযোগ তুলেছে ভারত।
তবে ভারতীয় কর্তৃপক্ষের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন নয়. বরং যুদ্ধবিরতি ‘বাস্তবায়নে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ’।
একইসঙ্গে ভারতের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তুলেছে পাকিস্তান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা “পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ”। এর আগেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং জানায়, পাকিস্তানি বাহিনী দায়িত্ব¡শীল ও সংযমীভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
পাকিস্তানের বিবৃতিতে আরো বলা হয়, “যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যেকোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। একইসঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি।”
এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়। পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্তজুড়ে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত।
রোববার গভীর (শনিবার দিবাগত) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে; যা অত্যন্ত নিন্দনীয়।
ভারতের পররাষ্ট্র সচিব আরো দাবি করেন, ভারতীয় সেনারাও এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত আশা রাখে, পাকিস্তান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে এই চুক্তিভঙ্গ বন্ধ করবে।
একইসঙ্গে তিনি বলেন, “যেকোনো ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”